স্পোর্টস ডেস্ক:
টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে বাংলাদেশ। তাদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকবাজ।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক পর্বের গ্রুপ সি-তে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি।
এরপর ৯ ফেব্রুয়ারি ইটালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়।
পরে স্কটল্যান্ড দল মুম্বাইয়ে গিয়ে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে।
এদিকে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ক্রিকবাজ। তবে তা সম্ভব হয়নি।
যদিও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুবাইয়ে আইসিসি সদরদপ্তর এবং এডিনবরার মধ্যে ইতোমধ্যেই যোগাযোগ স্থাপিত হয়েছে।
বাংলাদেশের অনুপস্থিতিতে টুর্নামেন্টের চিত্র নতুন করে সাজানো হলেও এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটাঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া এখনো চলমান।
