বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান: শেহবাজ শরিফ

বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান উত্তেজনার জেরে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। মন্ত্রিসভার এক বৈঠকে এমন কথাই জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শেহবাজ শরিফ আরও বলেছেন, খেলাধুলায় রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।

বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তার বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি-ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না।’

একই সঙ্গে তিনি আবারও বলেন, ‘খেলাধুলায় রাজনীতি হওয়া উচিত নয়।’ তিনি জানান, বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটিকে তিনি ‘যথাযথ সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, রোববার পাকিস্তান সরকার ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য জাতীয় ক্রিকেট দলকে অনুমতি দেয়। তবে একই সঙ্গে জানানো হয়, ফেব্রুয়ারি ১৫ তারিখে কলম্বোয় অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

বাংলাদেশ ভারতের সঙ্গে চলমান উত্তেজনার জেরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পরই এ সিদ্ধান্তের ঘোষণা আসে।