বিশ্বকাপের অনফিল্ডে বাংলাদেশি আম্পায়ার, যা বললো ভারতীয় গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক:
নিরাপত্তা আশঙ্কার অভিযোগ তুলে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই ভিন্ন এক বাস্তবতা সামনে এলো- ভারতেই নির্বিঘ্নে ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদৌল্লা ইবনে সৈকত।

এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতের দৈনিক আনন্দবাজার।

সংবাদে বলা হয়, বুধবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদৌল্লা। তৃতীয় আম্পায়ার নন, পুরো সময় মাঠে থেকেই তিনি ম্যাচ পরিচালনা করেন। ম্যাচ চলাকালীন বা তার আশপাশে কোনও ধরনের নিরাপত্তাজনিত সমস্যার মুখে পড়তে হয়নি তাঁকে।

এর আগে বিসিবি দাবি করেছিল, ভারতে গেলে বাংলাদেশি ক্রিকেটার, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই যুক্তিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানানো হয়।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) একাধিক দফা আলোচনার চেষ্টা করলেও বিসিবির অবস্থান বদলায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।

তবে বিসিবির সেই অবস্থানের সঙ্গে বাস্তব চিত্রে এক ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে। কারণ, বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুই বাংলাদেশি আম্পায়ারের একজন শরফুদৌল্লা নিজেই ভারতে অনফিল্ডে দায়িত্ব পালন করলেন কোনও ঝুঁকি ছাড়াই।

উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বইয়ে যার একটি ভেন্যুতেই সফলভাবে ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশের আম্পায়ার।

এই প্রেক্ষাপটে নিরাপত্তা প্রশ্নে বিসিবির সিদ্ধান্ত ও মাঠের বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।