আন্তর্জাতিক ডেস্ক:
সাউথ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলভিল এলাকায় একটি হোস্টেলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে।
স্থানীয় সময় রোববার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে তিনজন অজ্ঞাত বন্দুকধারী একটি অবৈধ মদের আড্ডায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। সে সময় সেখানে একদল ব্যক্তি মদ্যপান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সাউথ আফ্রিকার পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার আথলেন্ডা মাথেথে জানান, “অন্তত তিনজন অস্ত্রধারী হঠাৎ হামলা চালিয়ে নির্বিচারে গুলি করে। মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।”
নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোর ও ১৬ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি এবং এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ১২ হাজার অবৈধ মদের আড্ডা বন্ধ করেছে পুলিশ এবং ১৮ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের ২০২৩-২৪ সালের তথ্য অনুযায়ী, সাউথ আফ্রিকায় প্রতি এক লাখ মানুষের মধ্যে ৪৫ জন হত্যাকাণ্ডের শিকার হন। যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ হার। শুধু এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
