খালেদা জিয়ার মৃত্যুতে যা বললেন শেখ হাসিনা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বৈরথ দীর্ঘ অধ্যায় হয়ে আছে। এই দুই নেত্রীর সিদ্ধান্ত কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার দেশটির কোটি কোটি মানুষের ভবিষ্যত নির্ধারণে ভূমিকা রেখেছে।

এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পর বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় খালেদা জিয়া ও শেখ হাসিনা কয়েক দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খালেদা জিয়ার জন্য শেখ হাসিনার শোক

খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে শেখ হাসিনার একটি শোক বার্তা প্রকাশ করা হয়।

তাতে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার (খালেদা জিয়া) অবদান অপরিসীম।

“তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।”

শেখ হাসিনা বলেন, “আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

“আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।”