Reporter’s Notebook: কক্সবাজার থেকে যেভাবে ঢাকায় যাচ্ছিলো ইয়াবার চালান

মুহাম্মদ ফেরদাউস, কক্সবাজার

২২ সেপ্টেম্বর, মধ্যরাত। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইম্পেরিয়াল সার্ভিসের বাসে ডলফিন মোড় থেকে এক যাত্রী লাগেজ বুকিং দেন।

পথে বাসের টিকিট চেকিং করার সময় চকরিয়া স্টেশনের কাছাকাছি এসে দেখা যায়, গাড়িতে একজন যাত্রী কম।

এর মধ্যে জানা যায়, বাসের গাইড ও হেলপার ডলফিন মোড়ে লাগেজ বুকিং দেয়া যাত্রীকে কক্সবাজার বাস টার্মিনালের ওয়াশরুমের দিকে যেতে দেখেছেন।

টিকিট কেটে এই যাত্রীর সটকে পড়ার ঘটনা জানার পর সবার মধ্যে সন্দেহ তৈরি হয়। বাস গাইড কোম্পানির কক্সবাজার অঞ্চল প্রধানকে ফোন দিয়ে ঘটনাটি জানান। এরপর কর্তৃপক্ষ যোগাযোগ করে চকরিয়া থানার সঙ্গে।

ততক্ষণে বাস চকরিয়া স্টেশনে এসে দাঁড়ায় পুলিশের অপেক্ষায়।

রাত প্রায় ২ টার দিকে পুলিশ এসে ওই যাত্রীর লাগেজে তল্লাশি চালায়, ব্যাগ থেকে বেরিয়ে আসে ইয়াবার ‘পুটলা’।

পুলিশ সেটি জব্দ করে গাড়ির সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারের জবানবন্দি রেকর্ড করে গাড়ি ছাড়ে রাত ৩টার পরে।

এ সময় চকরিয়া থানা ও হাইওয়ে পুলিশের ওসিসহ অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনীর কয়েকজন সদস্য ঘটনাস্থলে এলে গাড়ি ছাড়া হয় সোয়া ৩টায়।