ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আঞ্চলিক কমিটি ঘোষণা

বাংলাদেশ বন বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত ফরেস্ট রেঞ্জার্স। তাদের পেশাগত উন্নয়ন, বৈষম্য নিরসন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। সেখানে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে ও আহ্বায়ক কমিটির সুপারিশে আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৮) চট্টগ্রাম অঞ্চলের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আঞ্চলিক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহরাজ উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিফাত আল রাব্বানী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. জাকারিয়া ফেরদৌস এবং দপ্তর সম্পাদক মো. আবীর হাসান।

কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, মাঠপর্যায়ের বন কর্মীদের অভিভাবক হিসেবে তারা নানা প্রতিকূলতা মোকাবিলা ও উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাবেন। বিশেষ করে ফরেস্ট রেঞ্জারদের পেশাগত মানোন্নয়ন ও ন্যায্য স্বার্থ রক্ষায় এই কমিটি সর্বদা তৎপর থাকবে।

বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষায় ফরেস্ট রেঞ্জাররা বন বিভাগের মেরুদণ্ড হিসেবে কাজ করেন। এই মেরুদণ্ডকে শক্তিশালী রাখতে একঝাঁক তরুণ কর্মকর্তা মাঠপর্যায়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বন বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং কর্মীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

ইফতার মাহফিলে চট্টগ্রাম অঞ্চলে কর্মরত বিপুল সংখ্যক ফরেস্ট রেঞ্জার ও বন বিভাগের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের বনজ সম্পদ রক্ষা ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।