রাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ৩ দাবিতে মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি:
দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এসময় আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দিচ্ছেন না বলে জানিয়েছেন। 

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘সন্ত্রাসীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রশাসন কী করে, আমার ভাই মেডিকেলে’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে- হামলার ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে; ঘটনাস্থলের পাশেই থাকা কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের নিষ্ক্রিয়তার জবাবদিহি নিশ্চিত করতে হবে; সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে কাজলা ক্যান্টিন বন্ধ করে দিতে হবে।

আসিফুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ‘পুলিশ ফাঁড়ির পাশেই এত বড় একটা ঘটনা ঘটল, অথচ পুলিশ সদস্যরা কিছুই করলেন না। তাদের এই নিষ্ক্রিয়তার জবাবদিহি করতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রমাণ নষ্ট করেছে, তাই ওই ক্যান্টিন বন্ধ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।’

গতকালের ঘটনায় রাকসু ভিপির সঙ্গে একাধিকবার  যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি অভিযোগ তুলে আসিফুর রহমান আরও বলেন, ‘প্রয়োজনের সময় ১০ বারের বেশি কল দিলেও ভিপি আমাদের ফোন রিসিভ করেননি বা যোগাযোগ করেননি। ওনার এই অসহযোগিতার নিন্দা জানাই।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনার চেষ্টা করছি।’