প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার (৯ নভেম্বর) থেকে দেশের ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি চলবে এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

এর আগে শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো-দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

দেশে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফলে কর্মবিরতিতে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, সহকারী শিক্ষকদের আরেকটি অংশ ১৫ নভেম্বর পর্যন্ত সরকারের সময়সীমা নির্ধারণ করেছে।

তাদের ঘোষণা অনুযায়ী, দাবি না মানলে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে।

১১ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি না হলে তারা পরীক্ষা বর্জন ও আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন।