বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে বিএনপি, বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমের জরিপে এমন পূর্বাভাসই আসছে।
প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামী আসনের হিসেবে বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও দেশজুড়ে দলটির ভোট ব্যাংক বাড়ার চিত্রও ধরার পড়েছে নির্বাচনী জরিপে।
বৃহস্পতিবার সকালে দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সঙ্গে গণভোট থাকায় এবার ভোটের ফল পেতে দেরি হতে পারে।
তবে জরিপের ফলাফল বলছে, সংসদে যাওয়ার লড়াইয়ে বিএনপি অনেক এগিয়ে আছে।
বাংলা ইনসাইট জরিপ: ক্ষমতায় যাচ্ছে বিএনপি
জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৩০০ নির্বাচনী আসনের ২১১ টিতে বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।
বিপরীতে জামায়াতে ইসলামীর ৪২ আসনে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী জোটের প্রার্থীরা।
এছাড়া ১৪ টি আসনে এই দুই জোটের বাইরের রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে।
বাকি ৩২ আসনে একাধিক প্রার্থী সমান ব্যবধানে ভোটের মাঠে রয়েছেন, বলছে জরিপ।
নির্বাচন স্থগিত থাকা শেরপুর-৩ আসনকে এ জরিপের বাইরে রাখা হয়েছে।
যেভাবে জরিপ হয়েছে
জনমত যাচাই করতে বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমের নির্বাচনী জরিপ পরিচালনায় নেতৃত্ব দেয়া পুতুল সরকার জানান, ভোট দিয়েছেন যেসব ভোটার, কেবল তাদের নিয়েই এ জরিপ পরিচালিত হয়েছে।
“ভোট শুরুর পর ২৯৯ টি সংসদীয় আসনে আমরা জরিপ চালিয়েছি। ভোট দেননি এমন কারো রায় জরিপে আনা হয়নি।”
ভোটের দিন জরিপ চালানোর বিষয়ে তিনি বলেন, “আমরা আগে জরিপ করে জনমতকে প্রভাবিত করতে চাইনি।”
পুতুল সরকার জানান, প্রতি আসনে ৩০ জন করে মোট ৮৯৭০ জন ভোটারের মতামত নেয়া হয়েছে বাংলা ইনসাইট জরিপে।
“জরিপের অংশগ্রহণকারীর সংখ্যা কম মনে হতে পারে। কিন্তু এর মধ্যেই আমরা সব শ্রেণির মানুষের মতামত তুলে আনতে সক্ষম হয়েছি।”
তার আশা, নিরপেক্ষভাবে জরিপ চালানোয় এর ফলাফল নির্বাচনের বাস্তব চিত্রের প্রতিনিধিত্ব করতে পারে।
