জ্বালানি সংকটে পাকিস্তান: গণপরিবহনে ভাড়া ফ্রি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইরানকে ঘিরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর সামরিক উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে পাকিস্তানেও। হঠাৎ করে জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ কমাতে রাজধানী ইসলামাবাদে ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে সরকার।

আজ শুক্রবার এক বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর নির্দেশনায় শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ জন্য সরকার প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

এর আগে গতকাল রাতে জ্বালানির নতুন মূল্য ঘোষণা করে সরকার। তাতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বাড়ানো হয়। নতুন দামে প্রতি লিটার পেট্রোল ৪৫৮ দশমিক ৪০ রুপি এবং ডিজেল ৫২০ দশমিক ৩৫ রুপিতে বিক্রি হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্বালানির দাম বাড়ায় দেশটিতে পরিবহন খরচ, নিত্যপণ্যের দাম ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে গণপরিবহন ভাড়া মওকুফের সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এ ধরনের ভর্তুকি সরকারের আর্থিক চাপ বাড়াতে পারে।