মিয়ানমারে নির্বাচনের আগে গণক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক:
আগামী মাসের সাধারণ নির্বাচন কেন্দ্র করে ৩ হাজারের বেশি রাজনৈতিক বন্দিকে ক্ষমা এবং আরও ৫ হাজার ৫শ’ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক শাসক।

বুধবার এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। তবে বন্দী সাবেক নেত্রী অং সান সু চি এই তালিকায় আছেন কি না তা এখনো পরিষ্কার নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রায় অজ্ঞাতবাসে আটক আছেন নোবেলজয়ী সু চি। এ ছাড়া ৭শ’২৪ জনকে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছে।

স্বাধীন নজরদারি সংস্থা এএপিপি বলছে, বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজারের বেশি রাজনৈতিক বন্দী, যার মধ্যে ৮০ বছর বয়সী সু চিও আছেন। তিনি মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।


এদিকে সমালোচকেরা বলছেন, মিয়ানমারের আসন্ন নির্বাচন মোটেও স্বাধীন বা নিরপেক্ষ হবে না। কারণ দেশে স্বাধীন গণমাধ্যম নেই এবং সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর শীর্ষ নেতাদের বেশিরভাগই কারাগারে।

স্বাধীন নজরদারি সংস্থা এএপিপি বলছে, বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজারের বেশি রাজনৈতিক বন্দী, যার মধ্যে ৮০ বছর বয়সী সু চিও আছেন। তিনি মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর প্রথমদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও পরে তা পরিণত হয়েছে ব্যাপক সশস্ত্র প্রতিরোধে।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানিয়েছে, জনগনের ভোটাধিকার নিশ্চিত হয়, সে লক্ষ্যেই এই ক্ষমা ঘোষণা করা হয়। চলতি বছরের ২৮ ডিসেম্বর দেশটিতে বহুদলীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।