রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কার্যালয়ের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশন এর কর্মী ছিলেন।
