এক-এগারোর আলোচিত মাসুদ চৌধুরী গ্রেপ্তার

এক-এগারোর সময়কার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি।

ফেনী-৩ আসনে জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সোমবার রাতে ঢাকার বারিধারা থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশের রাজনীতিতে আলোচিত অধ্যায়গুলোর একটি ওয়ান-ইলেভেন। আর এ অধ্যায় সংগঠনের পিছনে যে সেনা কর্মকর্তারা যুক্ত ছিলেন, মাসুদ উদ্দিন চৌধুরী তাদের একজন ছিলেন বলে আলোচনা রয়েছে।

সেসময়ের তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বহু রাজনৈতিক নেতা গ্রেপ্তার হন।

এসময় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী।

ফখরুদ্দিন শাসনামলে বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কারাগারে ছিলেন।

কারা হেফাজতে তারেক রহমানের উপর ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যেসব অভিযোগ

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা করে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে ২০২৫ সালের জুলাইয়ে তার সম্পদ ক্রোকের আদেশ দেয় আদালত।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় ফেনীতে হত্যা মামলাও রয়েছে।