নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবসে তার ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে।
১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর পাকিস্তানী দখলদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস ও শান্তি কমিটির সদস্যরা ঢাকার অসংখ্য বুদ্ধিজীবীকে তাদের ঘর থেকে তুলে নিয়ে যায়।
যাদের মধ্যে ছিলেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বাংলাদেশের বিজয়ের ঠিক ২ দিন আগে, ১৪ ডিসেম্বর ইতিহাসের অন্ধকারতম দিনে তাদের নির্মমভাবে হত্যা করা হয়। মূলত নতুন দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে জাতিকে মেধাশুন্য করার এই কৌশল নেয় পাকিস্তান ও তার দোসররা।
পরবর্তীতে এসব অপরাধের জন্য বাংলাদেশে জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষ নেতার ফাঁসি কার্যকর করা হয়।
দিনটি স্মরণে রোববার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সব শ্রেণিপেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাবনত হয়।
