ব্যাট হাতে লড়াই করলেও সতীর্থদের ব্যর্থতায় আরেকটি ফাইনাল জেতা হলো না সাকিব আল হাসানের।
আগের ম্যাচেই ব্যাটে-বলে দারুণ খেলে এমআই এমিরেটসকে ফাইনালে তুলে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব।
ফাইনালে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেললেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।
সাকিব-পোলার্ডদের বিরুদ্ধে ৪৬ রানের সহজ জয় নিয়ে দুবাইয়ের আইএল টি২০ লীগে চ্যাম্পিয়ন হয়েছে স্যাম ক্যারানের ডেজার্ট ভাইপার্স।
৫১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন স্যাম ক্যারান।
তার ঝড়ো ব্যাটিংয়ে ডেজার্ট ভাইপার্স এমআই এমিরেটসকে ১৭৯ রানের টার্গেট দেয়। ম্যাচের প্রথম ওভারে ১০ রান দেয়া সাকিব আল হাসান পরে আর বল হাতে নেননি।
জবাব দিতে নেমে এমিরেটসের ব্যাটিং শুরুতেই নড়েবড়ে হয়ে যায়। যা কিছুটা লড়াই, তা এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
ব্যাট হাতে ২৭ বলে দলীয় সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন সাকিব। শেষের দিকে ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় ১৩৬ রানে ১৮.৩ ওভারেই গুটিয়ে যায় এমিরেটস।
