সেনা কর্মকর্তাদের বিশেষ কারাগারে রাখার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়া সেনা কর্মকর্তাদের বিশেষ কারাগারে রাখাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

দক্ষিণ এশিয়ার দেশটিতে পদস্থ সেনা কর্মকর্তাদের এভাবে বিচারের আওতায় আনার ঘটনা নজিরবিহীন।

গেল বছর ঢাকার ক্ষমতায় পরিবর্তন আসার পরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়।

এর মধ্যে অক্টোবরে গুম-নির্যাতনের মত অপরাধে জড়িত থাকার অভিযোগে সেনা কর্মকর্তাদের বিচার শুরুর তৎপরতা শুরু হয়। পরে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেনা কর্মকর্তাদের জন্য বিশেষ কারাগার তৈরির বিষয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। বুধবার সচিবালয়ে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চেয়েছেন আসিফ নজরুলের কাছে।

তার জবাব, “এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। উনারা যেটি সঠিক মনে করবেন সেটিই করবেন”

এসময় সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করতে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন আইন উপদেষ্টা।