উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। সব ঠিক থাকলে আজ মধ্যরাতের পর নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
এর আগে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা দিতে সম্মত হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে কাতারের পক্ষ থেকে বিএনপিকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন জানান।
