বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশটির প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ছিলেন।
তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন
খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া।
এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে খালেদা জিয়ার বিএনপিও সামনে থেকে নেতৃত্ব দেয়।
এরশাদের পতনের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ সামরিক শাসনের কব্জা থেকে বেরিয়ে গণতন্ত্রে পথে এগুয়। ১৯৯১ সালের সেই নির্বাচনে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া।
এই নির্বাচনের মাধ্যমে ঢাকার ক্ষমতার লড়াইয়ে খালে জিয়া ও শেখ হাসিনার দীর্ঘ দ্বৈরথ শুরু হয়।
১৯৯৬ সালে খালেদা জিয়া দ্বিতীয় দফা সরকার গঠন করলেও আওয়ামী লীগসহ বিভিন্ন দলের আন্দোলনের মুখে বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি বিএনপি।
সেই বছরই আরেক দফা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে শেখ হাসিনার আওয়ামী লীগ।
২০০১ সালে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেন খালেদা জিয়া।
জামায়াতে ইসলামীসহ চার দলীয় জোটের এই সরকারও শেষদিকে নির্বাচন নিয়ে বিরোধীদের তুমুল আন্দোলনের মুখে পড়ে।
এরপর বাংলাদেশ দেখে আলোচিত ওয়ান-ইলেভেন। ফখরুদ্দিন-মইনদ্দিনের সরকারের আমলে দুর্নীতির নানা অভিযোগে গ্রেপ্তার হন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান।
পরে চিকিৎসার জন্য মুক্তি পেয়ে তারেক রহমান দেশ ছাড়লেও খালেদা জিয়া লড়েন ২০০৮ সালের নির্বাচনে। তবে বিএনপি আর সরকার গঠন করতে পারেনি।
আওয়ামী লীগ সরকারের আমলে সাজাপ্রাপ্ত হয়ে বেশ কিছুদিন কারাগারেও ছিলেন খালেদা জিয়া। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে গত ১৭ বছর বিভিন্ন সময় আন্দোলনের ডাক দিলেও সফল হয়নি।
পরে ২০২৪ সালের আগস্টে কোটা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে খালেদা জিয়া তার সাজা থেকে অব্যাহতি পান।
বাংলাদেশের রাজনীতিতে আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে থাকলেও জীবনের শেষ সময়ে রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন।
