যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার জবাবে তাৎক্ষণিকভাবে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও সামরিক স্থাপনাগুলো তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির সামরিক মুখপাত্র বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলোর দুর্বলতা রয়েছে, যা প্রয়োজনে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক চুক্তিতে ফেরার সময় ফুরিয়ে আসছে। এর আগে তিনি দ্রুতই তেহরানে হামলা চালানোর হুমকি দেন।
ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড-আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাতজন ইরানি নাগরিক ও একটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উদ্বেগজনক এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সবাইকে সংযম প্রদর্শন করে আলোচনার আহ্বান জানিয়েছেন।
