আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তেও থামেনি মধ্যপ্রাচ্যের সংঘাত; বরং উৎসবের মধ্যেই চলছে হামলা-পাল্টা হামলা, বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা।
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘ভীতু’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো ‘কাগুজে বাঘে’ পরিণত হয়েছে। একটি পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে তারা ব্যর্থ হয়েছে। ন্যাটোকে ভীতুর দল ও যুক্তরাষ্ট্র এটি মনে রাখব বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে ও ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতেও মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল ডাউনিং স্ট্রিট।
এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
যুদ্ধের প্রভাবে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ন্যাটো ইরাক থেকে তাদের প্রায় সব কর্মী সরিয়ে নিয়েছে। ‘ন্যাটো মিশন ইরাক’ আপাতত ইতালির নেপলস থেকে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতিও চলছে।
সংঘাতের প্রভাব ইউরোপ ও এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারী স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অন্যদিকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। একই সঙ্গে শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক অনুরোধ প্রত্যাখ্যান করে নিরপেক্ষতা বজায় রাখার বার্তা দিয়েছে।
সামরিক উত্তেজনার মধ্যেই ইসরাইল জানিয়েছে, তারা তেহরানসহ বিভিন্ন এলাকায় একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এসব হামলায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও লঞ্চার লক্ষ্যবস্তু করা হয়। পাল্টা ইরানও কেন্দ্রীয় অঞ্চল থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
নিরাপত্তা ঝুঁকির মধ্যেও মধ্যপ্রাচ্যের কোটি কোটি মুসলমান ঈদ উদ্যাপন করছেন। আর ইরানে যুদ্ধের মধ্যেই পালিত হচ্ছে নওরোজ।
এদিকে, আল আকসা প্রাঙ্গণে নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরাইল হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
