আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

সাম্প্রতিক আইপিএল মিনি নিলামে আবুধাবিতে রেকর্ড দামে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমাবনত কূটনৈতিক সম্পর্ককে কারণ হিসেবে দেখা হচ্ছে।

৩০ বছর বয়সী মুস্তাফিজকে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনে কেকেআর। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র দরকষাকষির পর তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নেন।

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া শনিবার (৩ জানুয়ারি) সকালে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, তারা যদি কোনো বিকল্প খেলোয়াড় নিতে চায়, সে অনুমতিও বিসিসিআই দেবে।”

এই সিদ্ধান্ত ভারতের ক্রিকেটের তাৎক্ষণিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে। কারণ, এক মাসের একটু বেশি সময়ের মধ্যেই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ম্যাচও রয়েছে ভারতে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি লিগ ম্যাচ খেলবে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের সূচি ও আয়োজন কীভাবে প্রভাবিত হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ভারতের বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার জানায়, আগামী সেপ্টেম্বরে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। যে সফরটি গত বছর স্থগিত হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনায় সেই সিরিজও ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন বলেন,
“এ ধরনের খবর শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে তিনি খেলেছেন।

বিশেষ করে ডেথ ওভারে তার কাটার ও ভ্যারিয়েশনের জন্য তিনি দলগুলোর কাছে জনপ্রিয় ছিলেন। আইপিএলে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে তিনি ৬৫টি উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২৮.৪৫ এবং ইকোনমি রেট ৮.১৩।

1 thought on “আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ”

Comments are closed.