পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চ, রণক্ষেত্র শাহবাগ এলাকা

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের যমুনা ঘেরাও কর্মসূচি সহিংসতায় রূপ নিয়েছে।

এতে কাজী নজরুল ইসলাম এ্যাভিনিউ’র শাহবাগ থেকে হোটেল সোনারগাঁও পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানাচ্ছেন, পুলিশ ও ইনকিলাব মঞ্চের কর্মীদের মারমুখী আচরণে ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে।

বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে আসে ইনকিলাব মঞ্চ। ঢাকায় গুলিতে নিহত শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে তাদের এ কর্মসূচি।

পরে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের দিকে টিয়ারশেল, জলকামান নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জও করে পুলিশ।

এসময় ইনকিলাব মঞ্চের কর্মীরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়ে যায় পুরো এলাকা।

এর আগে দিনের শুরুতেও উত্তপ্ত ছিল যমুনা এলাকা। সেসময় নতুন পে-স্কেলের দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের বলপ্রয়োগ করে সরিয়ে দেয় পুলিশ।