মুস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে এবারের টি-২০ বিশ্বকাপ বর্জন করা বাংলাদেশের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে আইসিসি।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশকে শাস্তি দেয়া হবে না।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, “বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না।”
ভারতীয় সমর্থকদের বিরোধিতার মধ্যে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
পরে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায়। পরে আইসিসি টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে খেলানোর সিদ্ধান্ত নেয়।
এ ঘটনায় বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আইসিসি, এমন আলোচনার মধ্যেই অবস্থান স্পষ্ট করেছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, তারা নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতিতে বিশ্বাস করে এবং শাস্তির পরিবর্তে সহযোগিতামূলক সমাধানকেই গুরুত্ব দিচ্ছে। এই সিদ্ধান্ত সেই নীতিরই প্রতিফলন।
