ফুটবলে হেড দেওয়া কতটা ঝুঁকির?

ফুটবলে বল হেড করে গোল করার মুহূর্তটি যতটা রোমাঞ্চকর, ততটাই বিপজ্জনক হতে পারে- এমনই সতর্ক বার্তা দিচ্ছেন গবেষকরা।

নতুন গবেষণায় দেখা গেছে, নিয়মিত হেড দেওয়া ফুটবল খেলোয়াড়দের মধ্যে আলঝেইমার, পারকিনসনস এবং মোটর নিউরন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।

বিজ্ঞানীরা বলছেন, হেডে বারবার মাথায় আঘাত লাগার ফলে দীর্ঘমেয়াদে মস্তিষ্কের ক্ষতি হয়, যা অনেক বছর পর এসব জটিল রোগে রূপ নিতে পারে।

অর্থাৎ, নিয়মিত হেড দেওয়া খেলোয়াড়দের মধ্যে স্নায়বিক রোগের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় কয়েকগুণ বেশি।

ফুটবল হেডে মৃত্যুঝুঁকি

স্কটল্যান্ডে প্রায় ৮ হাজার সাবেক পেশাদার ফুটবলারের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে-

হেড দেয়ার ফলে আলঝেইমার রোগের ঝুঁকি ৫ গুণ, মোটর নিউরন রোগের ঝুঁকি ৪ গুণ ও পারকিনসনস রোগের ঝুঁকি ২ গুণ বেড়ে যায়।

সবমিলিয়ে হেড দেয়া ফুটবলারদের স্নায়বিক রোগে মৃত্যুঝুঁকি বেড়ে যায় ৩.৫ গুণ।

গবেষকরা আরও জানান, ডিফেন্ডারদের মধ্যে এই ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ তারা ম্যাচে সবচেয়ে বেশি হেড করেন। বিপরীতে, গোলরক্ষকদের ঝুঁকি সাধারণ মানুষের মতোই থাকে।

ফুটবলে হেড দেয়া কেন বিপজ্জনক?

বিশেষজ্ঞদের মতে, যখন একজন খেলোয়াড় বল হেড করেন, তখন মাথা হঠাৎ ঝাঁকুনি খায়। এতে-

১. মস্তিষ্ক খুলির ভেতরে দুলতে থাকে।

২. সূক্ষ্ম স্নায়ু তন্তু ক্ষতিগ্রস্ত হয়।

৩. সাদা ও ধূসর মস্তিষ্কের অংশে চাপ তৈরি হয়।

এতে করে ধীরে ধীরে মস্তিষ্কের সংযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।

গবেষণায় দেখা গেছে, হেড করলে বারবার মাথায় আঘাতের ফলে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (CTE) নামের এক ধরনের মস্তিষ্কের রোগ হতে পারে।

এই রোগে মস্তিষ্কে অস্বাভাবিক প্রোটিন জমা হয়, যা ধীরে ধীরে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও আচরণে প্রভাব ফেলে।

একটি গবেষণায় দেখা গেছে, আমেরিকান ফুটবলের সাবেক খেলোয়াড়দের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষের মস্তিষ্কে CTE এর লক্ষণ পাওয়া গেছে।

গবেষকরা বলছেন- ফুটবলাররা ম্যাচের চেয়ে অনুশীলনেই বেশি হেড নিয়ে থাকেন। আর যারা ক্যারিয়ার জুড়ে বেশি হেড নেন, তাদের ঝুঁকিই বেশি।

অর্থাৎ, যত বেশি হেড তত বেশি ঝুঁকি।

সমাধান কী?

হেডের বিপদ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিছু প্রতিরোধমূলক পদক্ষেপের কথা বলেছেন। এসবের মধ্যে রয়েছে-

১. তরুণ খেলোয়াড়দের জন্য হেডিং সীমিত করা।

২। অনুশীলনে হেড কমানো।

৩। উন্নত হেলমেট বা সুরক্ষা প্রযুক্তি ব্যবহার।

৪। মাথায় আঘাত কমানোর নিয়ম প্রণয়ন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ইতোমধ্যে বয়সভিত্তিক ফুটবলে হেড দেওয়া সীমিত করা হয়েছে।

সবমিলিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও, এর কিছু দিক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

বিশেষজ্ঞদের মতে, খেলাটিকে নিরাপদ রাখতে হলে মাথায় আঘাত কমানোই সবচেয়ে কার্যকর উপায়।