রাজনৈতিক দলগুলো নির্বাচনে যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা বাস্তবায়ন করা সম্ভব নয়: হেযবুত তওহীদ

হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মাদ সেলিম বলেছেন, রাজনৈতিক দলগুলো বর্তমানে নির্বাচনের মাঠে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। কারণ, মানবরচিত ব্যবস্থার মাধ্যমে সমাজে প্রকৃত ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব।

তাই বিদ্যমান এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার পক্ষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তবেই প্রতিশ্রুতির বাণীতে মিলবে সর্বাঙ্গনে শান্তি।

সোমবার রাজধানীর বসুন্ধরায় আইসিসিবি কনভেনশন হলরুমে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাজনৈতিক দলগুলোর পালাবদলে ১২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশে। কিন্তু মানুষ কোন অবস্থাতেই শান্তি পায়নি। এই সিস্টেমে আগামীতেই শান্তি মিলবেনা। একমাত্র আল্লাহর দেয়া বিধান মানব জীবনে কার্যকরী করলেই মিলবে শান্তি।

আর সেই প্রস্তাবনাই তুলে ধরছে হেযবুত তওহীদ। এসময় দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হেযবুত তওহীদের এই আহ্বানকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম।

সকাল ১০ টায় পবিত্র কোরান তেলাওয়াত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচয়ের মধ্যদিয়ে শেষ হয়। আয়োজনে দেশের ৬৪ জেলা থেকে আগত কয়েক হাজার নেতৃবৃন্দ অংশ নেন।