গাজীপুরে ভোররাতে আবারও বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ভিআইপি পরিবহনের বাসটি রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে তারা পুলিশের উপস্থিতির আগে আগুন নিয়ন্ত্রণে নামেনি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, “রাতে মহাসড়কের পাশে একটি বাসে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি পুড়ে গেছে, সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি।”

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চক্রবর্তী এলাকায় একই ধরনের আরেকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানেও সড়কের পাশে পার্ক করা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।

এক রাতে দুটি অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, একের পর এক এমন ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। পুলিশ বলছে, এসব ঘটনা উদ্দেশ্যমূলক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।