নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ অগ্রহণযোগ্য, ভাল নির্বাচনের পথে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ‘উপদেশ’ বা ‘নসিহত’কে স্পষ্ট ভাষায় অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, নির্বাচন কেমন হবে এ বিষয়ে প্রতিবেশী দেশের উপদেশ বাংলাদেশের প্রয়োজন নেই।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে বাইরে থেকে নসিহত করার কোনো যুক্তিসংগত কারণ নেই।

এর আগে সকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ভারতীয় বক্তব্যে যে ভঙ্গিতে নির্বাচন নিয়ে মন্তব্য করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে সে সিদ্ধান্ত বাংলাদেশই নেবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই ‘উঁচু মানের’ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করে আসছে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে।

গত ১৫ বছরে যে ধরনের ভোটের পরিবেশ ছিল না, সেই পরিবেশ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য।

ভারতের ভূমিকার সমালোচনা করে তৌহিদ হোসেন বলেন, আগের ১৫ বছরে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো আপত্তি বা মন্তব্য দেখা যায়নি। তখনকার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সময় নির্বাচনগুলো নিয়ে তারা একটি শব্দও বলেনি। অথচ এখন, যখন বাংলাদেশ একটি ভালো নির্বাচনের পথে, তখন হঠাৎ করে নসিহতের প্রয়োজন দেখা দিয়েছে এটি প্রশ্নের জন্ম দেয়।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও জোটের মন্তব্যের সঙ্গে ভারতের অবস্থান এক নয়। কারণ ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং নির্বাচন কমিশনের সঙ্গেও তাদের আলোচনা হয়, যাতে তারা পর্যবেক্ষক পাঠাতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে বাংলাদেশের অবস্থান গ্রহণযোগ্য নয় এ ধরনের বক্তব্যের পাশাপাশি নির্বাচন কীভাবে হতে হবে তা নির্দেশ করার চেষ্টা বাংলাদেশ মেনে নিতে পারে না। বিশেষ করে অতীতের নীরবতা বিবেচনায় নিলে ভারতের বর্তমান অবস্থান আরও বিস্ময়কর।