কোন দল নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন দল প্রতিহত করার চেষ্টা করলে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রস্তুত নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার সকালে বডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র নির্বাচনী নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে, সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য কমিশন বদ্ধপরিকর। ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্র লাল, হলুদ ও সবুজ শ্রেনীতে বিভক্ত করে নিরাপত্তা স্ট্র‍্যাটেজি ঠিক করা হবে বলেও জানান তিনি।

দুর্বৃত্তরা নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কিভাবে তা প্রতিরোধ করতে হবে সেই মহড়া করে বিজিবি’র সদস্যরা। বিজিবি সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনি নিরাপত্তা প্রস্তুতি মহড়া বাহিনীর মমহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকিসহ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এবারের নির্বাচনে নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি’র ৩৬ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন।দেশের সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

গত ২৪শে আগস্ট থেকে নির্বাচনে দায়িত্ব পালনে প্রশিক্ষণ শুরু করে বিজিবি সদস্যরা। চার ধাপে এই প্রশিক্ষণপর্ব শেষ হবে আগামী বছর ২২শে জানুয়ারি।

সন্দিপ, হাতিয়া ও কুতুবদিয়া ব্যতিত দেশের বাকি সব উপজেলায় দায়িত্ব পালন করবে বিজিবি।