আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ

নিজস্ব প্রতিবেদক:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকে রাজধানীসহ সারাদেশে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। তাঁর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির মাহমুদ। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

সরকারি আনুষ্ঠানিকতার পর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে ছিলেন দলীয় ও জোটের শীর্ষ নেতারা। তারাও ভাষাশহীদদের জন্য বিশেষ মোনাজাত করেন।

এরপর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ও শিক্ষক সমিতিও পুষ্পস্তবক অর্পণ করেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার চত্বরে নামে জনতার ঢল। নানা বয়সী মানুষ-শিশু থেকে প্রবীণ-হাতে ফুল নিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে আসেন বেদির দিকে। তাঁদের সবার কণ্ঠে একই প্রতিজ্ঞা-মাতৃভাষার মর্যাদা রক্ষায় অটল থাকার।

শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়। সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট দায়িত্ব পালন করে। পাশাপাশি ছিল গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং।

শৃঙ্খলা রক্ষায় শহীদ মিনার এলাকায় সাতটি পয়েন্টে ডাইভারশন দেওয়া হয়-শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চাঁনখারপুল, পলাশী ও বকশীবাজার ক্রসিং। নির্ধারিত রুট ব্যবহার করে নগরবাসীকে শহীদ মিনারে প্রবেশ ও প্রস্থান করতে অনুরোধ জানায় পুলিশ।

অমর একুশ কেবল একটি দিবস নয়; এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের রক্তে অর্জিত এই দিন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।