আন্তর্জাতিক ডেস্ক:
জনসংখ্যা বসবাসের দিক থেকে বিশ্বের বৃহত্তম শহরের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন প্রতিবেদনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শহর।
তবে সবচেয়ে আলোচনাযোগ্য তথ্য হলো, ৩৬ দশমিক ৬ মিলিয়ন জনসংখ্যা নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী। আর জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালেই সবচেয়ে বড় শহরে পরিণত হবে ঢাকা।
ঢাকা টোকিওকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। টোকিওর জনসংখ্যা ৩৩.৪ মিলিয়ন, যা তাকে তৃতীয় স্থানে নামিয়েছে।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার পশ্চিম উপকূলে অবস্থিত জাকার্তায় বর্তমানে ৪১.৯ মিলিয়ন মানুষ বসবাস করে। ২০০০ সালের জাতিসংঘের আগের প্রতিবেদনে টোকিও ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর; এবার সেটি পরিবর্তিত হয়েছে।
জাকার্তাও জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে ২০৫০ সালের মধ্যে শহরের এক-চতুর্থাংশ পানির নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এজন্যই ইন্দোনেশিয়া সরকার নতুন রাজধানী নুসান্তারা নির্মাণ করছে।
তবে রাজধানী সরলেও জাকার্তার জনসংখ্যা বাড়তে থাকবে ২০৫০ সাল নাগাদ শহরটিতে আরও ১ কোটি মানুষ বৃদ্ধি পাবে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। শীর্ষ ১০-এর মধ্যে ৯টি শহর এশিয়ার: জাকার্তা ৪১.৯ মিলিয়ন, ঢাকা ৩৬.৬ মিলিয়ন, টোকিও ৩৩.৪ মিলিয়ন, নয়া দিল্লি ৩০.২ মিলিয়ন, সাংহাই ২৯.৬ মিলিয়ন, গুয়াংজু ২৭.৬ মিলিয়ন, ম্যানিলা ২৪.৭ মিলিয়ন, কলকাতা ২২.৫ মিলিয়ন, সিউল ২২.৫ মিলিয়ন, কায়রো (এশিয়ার বাইরে একমাত্র) ৩২ মিলিয়ন।
