ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠনের বিক্ষোভ ও হুমকির ঘটনার জেরে মিশনের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গত শনিবার রাতে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামে একটি চরমপন্থী সংগঠনের ২০-২৫ জন সদস্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে তারা সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হুমকি দেয় বলে জানা গেছে।
ঘটনাটি কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনার পর থেকে হাইকমিশনারের পরিবারও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ও হুমকি অনুভব করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকা অত্যন্ত নিরাপদ হিসেবে পরিচিত। সেখানে এ ধরনের চরমপন্থী বিক্ষোভ কীভাবে সম্ভব হলো, তা প্রত্যাশিত নয় এবং বিষয়টি গভীরভাবে বিবেচনার প্রয়োজন রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিশনের নিরাপত্তা জোরদার ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাময়িকভাবে সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
