আটরশি পীরের বড় মেয়ের মৃত্যু

শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি, পীর সাহেব আটরশির বড় মেয়ে আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট আদিল উদ্দিন হাওলাদার ছিলেন আনোয়ারা কোহিনুর বেগমের স্বামী। ভাষা আন্দোলনে তিনি ফরিদপুর অঞ্চল থেকে ছাত্র বয়সে নেতৃত্ব দেন।

পাকিস্তান আমলে পরবর্তীতে তিনি প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

তিনি ফরিদপুরে মুসলিম মিশন, অন্ধ কল্যাণ সমিতি, লায়ন্স ক্লাবসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেন।

আনোয়ারা কোহিনুর বেগম তার স্বামীর রেখে যাওয়া এসব সামাজিক কর্মকান্ড পর্দার পরিচালনায় অবদান রেখে গেছেন।

যার ফলে অসংখ্য পরিবার এবং মানুষ জীবনে এগিয়ে যেতে তার সহযোগিতা পেয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কোহিনুর বেগম দুই পুত্র, এক কন্যা, ভাইবোনসহ অসংখ্য আপনজন রেখে গেছেন।

তার নামাজে জানাজা বাদ আসর বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।