স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ দিনে ঘটেছে অবিশ্বাস্য নাটক। সাবেক কোচ জোসে মরিনহোর বেনফিকার কাছে ৪–২ গোলে হেরে সরাসরি শেষ আটে ওঠার সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ফলে কিলিয়ান এমবাপ্পের দুই গোল সত্ত্বেও স্প্যানিশ জায়ান্টদের নামতে হচ্ছে প্লে-অফে। একই পথে হাঁটছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মেইন (পিএসজি)।
ম্যাচ শুরুর আগে ৩৬ দলের তালিকায় তৃতীয় স্থানে ছিল রিয়াল। কিন্তু লিসবনে বেনফিকার বিপক্ষে পরাজয়ের পর তারা নেমে যায় নবম স্থানে শীর্ষ আটের বাইরে।
ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে বেনফিকার ইউক্রেনীয় গোলরক্ষক আনাতোলি ত্রুবিন হেড করে গোল করে ইতিহাস গড়েন।
রিয়ালের তখন মাঠে মাত্র ৯ জন খেলোয়াড়; আগেই লাল কার্ড দেখেছিলেন রাউল আসেনসিও ও রদ্রিগো।
অন্যদিকে পিএসজি ও নিউক্যাসল ১–১ ড্র করে দু’দলই শীর্ষ আট থেকে ছিটকে যায়। ফলে পিএসজি, রিয়াল মাদ্রিদ, নিউক্যাসল ও ইন্টার মিলানকে খেলতে হবে প্লে-অফ পর্ব, যেখানে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো অংশ নেবে।
ইতিমধ্যে শীর্ষ আটে জায়গা নিশ্চিত করেছে আর্সেনাল (টানা আট জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন), বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, চেলসি, টটেনহ্যাম ও স্পোর্টিং সিপি।
অ্যানফিল্ডে গোলের উৎসবে মেতেছিলো লিভারপুল। আজারবাইজানের ক্লাব কারাবাগকে ৬–০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপ-পরবর্তী যুগে আর্নে স্লটের দল।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ফ্লোরিয়ান ভির্টজ, হুগো একিতিকে ও ডোমিনিক সোবোস্লাই। দুটি করে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর একটি করে গোল পান মোহাম্মদ সালাহ ও ফেদেরিকো কিয়েসা।
বিশেষভাবে আলোচনায় সালাহ। কেননা নভেম্বরের পর প্রথম গোল করেন তিনি।
প্রিমিয়ার লিগে সাম্প্রতিক বাজে ফর্ম ভুলে ইউরোপে দারুণ ছন্দে আছে লিভারপুল। এই জয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে থেকে সরাসরি শেষ আটে উঠে প্লে-অফের ঝুঁকি এড়াতে সক্ষম হয়।
