কানাডার পশ্চিমাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয় ও পাশের একটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত ৯ জন মারা গেছেন।
এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সাতজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া স্কুলের কাছাকাছি একটি বাসভবন থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
কর্মকর্তাদের ধারণা, হামলার পর তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হন।
ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গভীর শোক প্রকাশ করে বলেন, “আজকের ভয়াবহ বন্দুক হামলায় আমি বিধ্বস্ত।”
এ ঘটনার পর তিনি তার জার্মানি সফর স্থগিত করেছেন।
স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
