শুরু হচ্ছে বিপিএল এর ১২ তম আসর, দেখে নিন কোন দলের কি নাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এর ১২তম আসরের পর্দা উঠছে। এরইমধ্যে ৫টি দল অংশ নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। এবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম নিয়ে চলছে আলোচনা। এতে নাম পরিবর্তনের কথায় আছে। কেননা মালিকপক্ষ বদল হলেই দলের নামও বদল হয়ে যায়।

তবে, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বিপিএলের দলগুলোর নাম ঠিক করে দিয়েছে। কোন দলের মালিকানায় কারা, তা দুই দিন আগেই জানিয়েছিল বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দলগুলোর নাম।

পাঁচ দলের মধ্যে দুটির নাম অপরিবর্তিত থাকছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন, রংপুর রাইডার্স বসুন্ধরা কিংস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। আর নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। এ ছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস নাম নিয়ে।

এদিকে, প্রাথমিকভাবে ৫টি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি।

চলতি বছরের ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। আর বিপিএলের এবারের আসর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হওয়ার কথা রয়েছে।