বিএনপি’র চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য থাকে। তাই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে অনুষ্ঠিত ওই জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর থেকেই মূলত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছে।

২০২০ সালের ২৫ মার্চ করোনাভাইরাস পরিস্থিতিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়। শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেননি। ফলে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। তবে তিনি আর রাজনীতিতে ফেরেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।