নিজস্ব প্রতিবেদক:
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৭ বছর পর উপস্থিত হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। তার আগমনকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কার্যালয়ে প্রবেশের পর দ্বিতীয় তলার বারান্দায় এসে অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।
এ সময় তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে, তিনি নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে দেশ গড়ার আহ্বান জানান। এসময় নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা।
