ট্রাম্পের ভাষণ ‘বিকৃতি’: বিবিসি’র মহাব্যবস্থাপক ও সংবাদ প্রধানের পদত্যাগ

বিবিসির মহাব্যবস্থাপক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ বিকৃতভাবে প্রচারের অভিযোগে বিতর্ক তৈরির পর তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

একইদিনে দুইজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বিবিসির ইতিহাসে নজিরবিহীন।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ সোমবার একটি গোপন নথির তথ্য প্রকাশ করে জানায়, বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামা ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের দুটি আলাদা অংশ একত্র করে এমনভাবে দেখায়, যেন তিনি সরাসরি ক্যাপিটল হিলে হামলার আহ্বান জানিয়েছিলেন।

এটি প্রকাশের পর থেকেই বিবিসিকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়।

ট্রাম্প নিজে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করছে বা বরখাস্ত হচ্ছে। কারণ তারা আমার নিখুঁত ভাষণটি বিকৃত করেছে। এরা গণতন্ত্রের জন্য বিপদজনক।”

পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন, “ভুল হতেই পারে, তবে আমাদের সবসময় স্বচ্ছ ও জবাবদিহিমূলক থাকতে হবে।”

অন্যদিকে নিউজ সিইও ডেবোরা টারনেস বলেন, “প্যানোরামা ইস্যু বিবিসির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

“ভুল অবশ্যই হয়েছে, তবে বিবিসি নিউজ ‘প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট’- এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

টারনেস গত তিন বছর ধরে বিবিসির নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ট্রাম্পের ভাষণ বিবিসি যেভাবে ‘বিকৃত’ করে

২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বিরুদ্ধে যাওয়ার মধ্যে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে নজিরবিহীন হামলা চালায়।

সেসময় ট্রাম্প ভাষণে বলেন, “আমরা ক্যাপিটলে যাব, আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।”

কিন্তু বিবিসির প্যানোরামাতে আলাদা বক্তব্য কেটে জোড়া লাগিয়ে প্রচার করা হয়।

বিবিসি সম্পাদিত বক্তব্যে ট্রাম্পের বার্তা এমন দাঁড়ায় যে, তিনি বলছেন- “আমরা ক্যাপিটলে যাব… আমি তোমাদের সঙ্গে থাকব। আমরা লড়ব, ভীষণভাবে লড়ব।”

কেটে জোড়া লাগানো দুটি বাক্য দীর্ঘ ভাষণে ট্রাম্পকে প্রায় ৫০ মিনিটের ব্যবধানে বলতে শোনা যায়।

হোয়াইট হাউস বিবিসির এই ঘটনাকে “শতভাগ ভুয়া সংবাদ” হিসেবে আখ্যা দিয়েছে।