ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে সমালোচনার মুখে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃতভাবে প্রচার বা সম্পাদনার অভিযোগে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

সোমবার (১০ নভেম্বর) বিবিসি নিজেই এ তথ্য জানিয়েছে।

দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণের দুটি অংশ কেটে জোড়া লাগানো হয়, যাতে তাকে ক্যাপিটল হিলে সহিংসতা উসকে দিতে দেখা যায়। এ ঘটনায় বিবিসি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

টিম ডেভি বলেন, “বিবিসি নিখুঁত নয়। সাম্প্রতিক বিতর্ক আমার পদত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।”

অপরদিকে ডেবোরা টারনেস জানান, “এই বিতর্ক বিবিসির সুনাম ক্ষুণ্ন করছে, তাই আমি দায়িত্ব ছাড়ছি।”

টেলিগ্রাফের প্রকাশিত এক নথিতে আরও বলা হয়, বিবিসি আরবিক বিভাগের ইসরাইল-গাজা যুদ্ধ ও ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সংবাদ কাভারেজে পক্ষপাতমূলক প্রবণতা রয়েছে।

পদত্যাগের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিবিসির শীর্ষ কর্মকর্তারা আমার ভাষণ বিকৃত করেছেন-তাদের পদত্যাগ ন্যায়সঙ্গত।”

বিবিসির ইতিহাসে একসঙ্গে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।