ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয়ের দেখা পেল না বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
তবে পুরো ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ইংল্যান্ড প্রবাসী লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী যিনি করেছেন জোড়া গোল।
দুই সপ্তাহের অনুশীলনের পর মাঠে নামলেও প্রথমার্ধে আশানুরূপ ফুটবল খেলতে পারেনি জামাল ভূঁইয়ার দল। ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে ১–০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর মাঠে ফেরেই বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই দর্শকদের মাতিয়ে দেন হামজা চৌধুরী।
বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান তিনি। ৫০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন এই মিডফিল্ডার।
এ নিয়ে বাংলাদেশের জার্সিতে ছয় ম্যাচে হামজার গোল সংখ্যা দাঁড়াল চারে।
শেষ মুহূর্তের ইনজুরি টাইমে গোল হজম করে জয় হাতছাড়া করে বাংলাদেশ।
ফলে হামজার চোখধাঁধানো পারফরম্যান্সের পরও টানা পাঁচ ম্যাচে জয়শূন্য থাকল লাল-সবুজ দল।
এই ম্যাচে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের অভিষেক হয় বাংলাদেশের হয়ে।
আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে নামবে বাংলাদেশ।
