হাজার বছর শোষণ-বঞ্চনার শিকল ভেঙে পাওয়া স্বাধীনতার ৫৬ বছরে পা দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার নানা আয়োজনে বীর সেনানীদের স্মরণ করে ৫৬ তম স্বাধীনতা দিবস পালন করছে দক্ষিণ এশিয়ার দেশটি।
বাঙালির মুক্তির লড়াই থামিয়ে দিতে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, চালিয়েছিল গণহত্যা।
ওই আক্রমণ বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দেয়, ২৬ মার্চ প্রথম প্রহরে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
পাকিস্তানিরা বন্দি করলেও বঙ্গবন্ধুর নেতৃত্বেই শুরু হয় মুক্তির সংগ্রাম, মুজিবনগর সরকারের পরিচালনায় নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পথ ধরে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের।
৩০ লাখ শহীদের রক্ত, অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাঙালি পায় মুক্তির স্বাদ।
এরপর থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দিন ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে জাতি।
