আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমির কাছে বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ ‘এ’ দল। আফগানিস্তানকে মাত্র ৭৮ রানে অলআউট করে ৮ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে টাইগাররা

রিপন মন্ডলের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে আফগানদের। এরপর রকিবুল হাসানের স্পিনে আর ঘুরে দাঁড়ানো হয়নি দলটির।

ম্যাচের শুরুতেই মাত্র ৮ বলের মধ্যে তিন ব্যাটারকে ফিরিয়ে দেন রিপন। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। দারউইশ রাসুলীর ২৭ রান ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৭৮ রানেই থামে তাদের ইনিংস।

রিপন ৪ ওভারে ১০ রানে নেন ৩ উইকেট, রকিবুল ৭ রান দিয়ে ৩ উইকেট। মেহেরব নেন ২টি।

৭৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরুতে দুই ওপেনারকে দ্রুত হারায়।

আগের ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান ১০ রানে আউট হন। জিশান আলমও (১০) ফেরেন।

তবে এরপর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

জাওয়াদ ২৪* ও অঙ্কন ২৭* রানে অপরাজিত থাকেন। ১৩.৩ ওভারে ২ উইকেটে ৭৯ রান করে জয় পায় বাংলাদেশ।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।

হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৫ বলে রেকর্ড সেঞ্চুরি করেছিলেন হাবিবুর রহমান সোহান। সেই ম্যাচেও ৫৪ বল হাতে রেখে জিতেছিল বাংলাদেশ।