ফিলিপাইনের মধ্যাঞ্চলে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’ এর আঘাতে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩ জন।
এছাড়া লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এটি ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ সেবুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দ্বীপটির বহু শহর ও গ্রাম প্লাবিত হয়েছে, নিহতদের বেশিরভাগই এই অঞ্চলের বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘূর্নিঝড়ের প্রভাবে রাস্তা তলিয়ে বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষ ছাদে আশ্রয় নিয়েছে।
পানির তোড়ে রাস্তায় বড় মালবাহী কনটেইনার ও ব্যক্তিগত গাড়ি ভেসে যেতে দেখা যায় এসব ভিডিওতে।
এদিকে দেশটির মিনদানাও দ্বীপে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন ক্রু মারা গেছেন।
ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালানোর পর এখন ধীরে ধীরে দুর্বল হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে।
দেশটির সিভিল ডিফেন্স অফিসের উপপ্রশাসক রাফায়েলিতো আলেহান্দ্রো এক সংবাদ সম্মেলনে জানান, ঘূর্ণিঝড়ের গতিপথ এলাকা থেকে প্রায় ৪ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
