আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোতে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছে।
ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধে ন্যাটো মিত্ররা মূলত সম্মুখসারি থেকে দূরে ছিল। তবে তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, প্রিন্স হ্যারি ও বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের মন্তব্যকে ‘অপমানজনক ও সত্যিই ভয়াবহ’ বলে আখ্যা দিয়ে বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছে যুক্তরাজ্যসহ ন্যাটোর মিত্ররা। এমন বক্তব্যের জন্য ট্রাম্পকে ক্ষমা চাওয়া উচিত বলেও ইঙ্গিত দেন স্টারমার।
আফগানিস্তানে দুই দফা দায়িত্ব পালন করার কথা জানিয়ে প্রিন্স হ্যারি বলেন, ন্যাটো সেনাদের ত্যাগের সত্য সম্মানের সঙ্গে তুলে ধরা জরুরি। শুধু যুক্তরাজ্য থেকেই এই যুদ্ধে ৪শ’৫৭ জন সেনা প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি।
তবে এ বিষয়ে ভুল স্বীকার না করে হোয়াইট হাউস বলছে, ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অবদান ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা আরো জোরদারে সহায়তা করছে।
