‘সাজানো’ নির্বাচনে ভোট না দেয়ার ডাক জয়ের

আগামী নির্বাচনকে ‘সাজানো নির্বাচন’ আখ্যা দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

নির্বাচনে কত শতাংশ ভোট পড়বে, কে পাস করবে- তা ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।

নির্বাচনের পাঁচদিন আগে ফেইসবুক ভিডিওতে জয় অভিযোগ করে বলেন, “শুধুমাত্র বিএনপি ও জামায়াতকে ক্ষমতায় বসাতে নির্বাচনের আয়োজন হচ্ছে।”

আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন স্বচ্ছ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। আর সরকার বলছে এটি হবে ইতিহাসের সেরা নির্বাচন।

তবে নিবন্ধন স্থগিত রাখা ও কার্যক্রম নিষিদ্ধ করায় এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে এর আগেও ভোট বয়কটের ডাক দিয়েছেন শেখ হাসিনা।

যা বলেছেন সজীব ওয়াজেদ জয়

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দৃশ্যপটের আড়ালে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সক্রিয় হতে দেখা যায়।

আওয়ামী লীগের অনেকেই জয়কে দলটির ভবিষ্যত নেতা হিসেবে দেখছেন।

ফেইসবুকে জয় অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ‘অর্ধেক রাজনৈতিক দলকে বাদ দিয়ে’ ভোট আয়োজনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, “নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে। তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ হবে না।”

গণভোটের সমালোচনা করে তিনি বলেন, “গায়ের জোরে একতরফা সংস্কার করলে তা টেকে না। ৭৫-এর পর যারা সামরিক শাসন করেছেন, তারাও গণভোট ও সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনার চেষ্টা করেছিলেন; কিন্তু তাতে গণতন্ত্র আরও দুর্বল হয়েছে।”