বাংলাদেশ টাইমসের কার্যালয় থেকে সাংবাদিকদের তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টাইমসের কার্যালয়ে সেনাবাহিনীর অভিযানের অভিযোগ রাজধানীর গণমাধ্যম অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সেনা সদস্যের পরিচয়ে কয়েকজন ব্যক্তি অফিসে ঢুকে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ঘেরাও করে এবং কয়েকজনকে তুলে নিয়ে যায়- এমন অভিযোগ উঠেছে।

বাংলাদেশ টাইমসের কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, তুলে নেয়ার পর রাতেই তাদের আবার অফিসে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

এর আগে বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিজম এডিটর ইন চিফ সাব্বির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে অফিসে কর্মরত সাংবাদিকদের ঘিরে ফেলা হয়। তার দাবি, ওই সময় কয়েকজন সাংবাদিককে অফিস থেকে নিয়ে যাওয়া হয়।

নির্বাচন সামনে রেখে এমন ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সাব্বির তার পোস্টে বলেন, নির্বাচনী সময়ে সংবাদকর্মীদের এভাবে হয়রানি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

ঘটনার পর বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠন উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। তারা বলেছে, সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান ও সাংবাদিক আটক করার অভিযোগ অত্যন্ত গুরুতর। এটি মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করে।

সংগঠনগুলোর পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।