জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে মামলা না করার বিধান রেখে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার।

রোববার রাতে গেজেট আকারে প্রকাশিত এ অধ্যাদেশের মাধ্যমে গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় একটি নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে কোনো ব্যক্তি দেওয়ানি বা ফৌজদারি মামলার মুখোমুখি হলে তা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহারযোগ্য হবে। আদালতে সরকার বা পাবলিক প্রসিকিউটরের প্রত্যয়ন জমা পড়লেই মামলাটি কার্যত নিষ্পত্তি বলে গণ্য হবে।

তবে, হত্যাকাণ্ডের অভিযোগ সম্পূর্ণভাবে আদালতের বাইরে রাখা হয়নি। এ ধরনের অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে।

যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর বর্তমান বা সাবেক সদস্যদের দিয়ে তদন্ত করানোর সুযোগ থাকছে না। প্রয়োজনে কমিশনের অনুমোদন সাপেক্ষে গ্রেপ্তার বা হেফাজতের বিধানও রাখা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো ঘটনা রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করতে পারবে কমিশন। আর অপরাধমূলক অপব্যবহার প্রমাণিত হলে বিষয়টি আদালতে পাঠানো হবে।

সরকার বলছে, গণঅভ্যুত্থান-পরবর্তী বিচার ও দায় নির্ধারণে ভারসাম্য রক্ষা করতেই এ অধ্যাদেশ জারি করা হয়েছে।