নববর্ষের রাতে সুইজারল্যান্ডের একটি বারে আগুনের ঘটনায় অন্তত ৪০ জন মারা গেছেন।
এছাড়া আরও ১১৫ জনের আহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির পুলিশ।
আহতদের সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত দেড়টার দিকে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে আগুনের সূত্রপাত হয়।
এসময় নববর্ষ উপলক্ষে বারটিতে মূলত তরুণরাই উৎসব আয়োজনে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় একজন রাজনীতিবিদ।
সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন এই ঘটনাকে দেশটির জন্য ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ধারণা করছেন, শ্যাম্পেন বোতলের ওপর রাখা মোমবাতি থেকেই আগুন ধরে যায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে দেশটির অ্যাটর্নি জেনারেল জানান, আগুনের সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
বার থেকে বেঁচে ফেরা এক ব্যক্তি বলেন, “আমি কোনমতে একটি জানালা ভেঙে বের হয়েছি। আমার অর্ধেক কাপড় পুড়ে গেছে। ভয়ংকর পরিস্থিতি থেকে বেঁচে এসেছি।”
