২০২৫ সাল বাংলাদেশের জন্য ছিল বিদায় ও প্রত্যাবর্তনের বছর। একদিকে খালেদা জিয়ার মতো প্রভাবশালী নেত্রীর প্রস্থান, অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনের প্রতীক্ষা।
আর বিশ্ব প্রেক্ষাপটে, যুদ্ধ ও জলবায়ু সংকটের মধ্য দিয়ে মানবজাতির সামনে দাঁড়িয়ে থাকা কঠিন বাস্তবতারই প্রতিফলন ঘটিয়েছে বছরটি।
বাংলাদেশের রাজনীতির এক যুগান্তকারী বছর ২০২৫। প্রত্যাবর্তন, বিদায় আর প্রতীক্ষায় গেলো বছরটি।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশটির রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করে।
দেশের রাজনীতিতে যাঁর নামটি চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা, বিরোধিতা ও প্রতিদ্বন্দ্বিতার প্রতীক ছিল। তাঁর মৃত্যু এক ঐতিহাসিক অধ্যায়ের ইতি টানে।
এই বিদায়ের বছরেই ঘটে আরেকটি বড় ঘটনা। প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরেন। তাঁর আগমন ঘিরে রাজনৈতিক গতিপথে নতুন সমীকরণ তৈরি করেছে।
২০২৫ সালে আলোচিত সামাজিক ও রাজনৈতিক ঘটনাগুলোর একটি ছিল জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যু।
হত্যাকাণ্ড ঘিরে তদন্ত, অভিযুক্তের পলায়ন এবং বিচারপ্রক্রিয়া নিয়ে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়।
বছরের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর নির্বাচনী তফসিল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
বিশ্ব প্রেক্ষাপটে ২০২৫ সাল ছিল সংঘাত ও সংকটের বছর। গাজায় যুদ্ধ ও মানবিক বিপর্যয় আন্তর্জাতিক বিবেককে নাড়া দেয়। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সংঘাত বিশ্ব রাজনীতিকে অস্থির করে তোলে।
একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়। তীব্র তাপপ্রবাহ, বন্যা ও দাবানলে বিশ্বের বিভিন্ন দেশ বিপর্যস্ত হয়। ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হিসেবে ২০২৫ পরিবেশবিদদের নতুন করে সতর্ক করে দেয়।
দক্ষিণ এশিয়ায় ২০২৫ সালে আলোচনায় আসে নেপালের জেন জি আন্দোলনের মাধ্যসে সরকার পতনে। কর্মসংস্থানের সংকট, রাজনৈতিক দুর্নীতি ও পুরোনো নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর এই বিক্ষোভ কাঠমান্ডু ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ ও সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়াকে নতুন করে উদ্বিগ্ন করে তোলে। কাশ্মীরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, ড্রোন ও গোলাবর্ষণের ঘটনায় দুই দেশই সামরিক প্রস্তুতি জোরদার করে।
একই বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্ত সংঘাত আলোচনায় আসে। যুদ্ধবিরতি হলেও আবারও সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ।
এদিকে, মিয়ানমারে দীর্ঘদিন গৃহযুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জান্তা সরকারের অধীনে সাধারণ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ হয়েছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন।
যুদ্ধ, গণআন্দোলন, রাজনৈতিক পরিবর্তন ও নেতৃত্বের উত্থান সব মিলিয়ে ২০২৫ সাল ছিল এক অস্থির কিন্তু রূপান্তরমুখী বছর। কোথাও বিদায়, কোথাও নতুন সূচনা; কোথাও সংঘাত, কোথাও আশার আলো এই পতন সূচনার মধ্য দিয়েই বছরটি শেষ হল।
